নিখোঁজের তিন দিন পর মিলল লাশ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে গতকাল শুক্রবার সকালে মোখলেছুর রহমান (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে তিনি নিখোঁজ হন।
মোখলেছুর জামালপুর সদর উপজেলার পলাশগড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ঢাকার কারওয়ান বাজার এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। মোখলেছুর রহমানের শ্যালক নজরুল ইসলাম বলেন, তাঁর বোন ও ভগ্নিপতি ঢাকার আগারগাঁওয়ের তালতলা এলাকার মোল্লাপাড়া মহল্লায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভগ্নিপতি গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বাসা থেকে কারওয়ান বাজারে কর্মস্থলের উদ্দেশে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ওই দিন রাতে পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে বানিয়াজুরী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক যুবকের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। সকাল ১০টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ওই যুবককে হত্যার পর দুর্বৃত্তরা ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।