নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে নিখোঁজের তিন দিন পর গতকাল মঙ্গলবার মো. রিপন মিয়া (৩৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ কসবা উপজেলা থেকে উদ্ধার করেছে কসবা থানার পুলিশ। রিপন মিয়া বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামের মধ্যপাড়ার মৃত ফজলু মিয়ার ছেলে।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, নিহতের বুকে তিনটি গুলির চিহ্ন রয়েছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, ‘বাঞ্ছারামপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রিপন মিয়ার লাশ কসবা থানা এলাকায় পাওয়া গেছে বলে আমরা কসবা থানা-পুলিশের মাধ্যমে জেনেছি। রিপনের নামে কুমিল্লার মুরাদনগর থানায় একটি ও বাঞ্ছারামপুর থানায় পাঁচটি মাদকের মামলা রয়েছে। রিপনের পরিবারের লোকজন লাশ শনাক্ত করার পর কসবা থানা থেকে ফোন করে আমাদের জানিয়েছে।’

নিহত রিপন মিয়ার বড় ভাই খোকন মিয়া গতকাল বলেন, ‘গত শনিবার রাত ১০টার দিকে রিপন গ্রামের বটতলার একটি দোকানে বসা ছিল। সে সময় অটোরিকশায় করে সাদাপোশাকে চার ব্যক্তি রিপনকে ধরে নিয়ে যায়। সাদাপোশাকের লোকজন রিপনকে ধরার পরই হাতকড়া পরিয়ে দেয়। পরে রাতেই বাঞ্ছারামপুর থানায় খোঁজ নিলে পুলিশ আমার ভাইকে ধরেনি বলে জানায়।’

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামারিয়া সেতু এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ গতকাল সকাল সাড়ে আটটার দিকে উদ্ধার করা হয়েছে। পরে বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামের কয়েকজন দুপুরে থানায় এসে এটি বাঞ্ছারামপুর গ্রামের মো. রিপন মিয়ার লাশ বলে চিহ্নিত করেন। রিপনের লাশের পাশে একটি দেশি পাইপগান ও পাইপগানের গুলির একটি খোসা পাওয়া গেছে। পরে লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।