নিখোঁজের তিন দিন পর শ্রমিকের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার তিন দিন পর লক্ষ্মীপুর শহরের রেহানউদ্দিন ভূঁইয়া ঈদগাঁও এলাকার রহমতখালী খাল থেকে নির্মাণ শ্রমিক আবুল কালামের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত আবুল কালামের বাড়ি সদর উপজেলার চররুহিতা গ্রামে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় মাস ধরে রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের পাশের একটি ভবনের নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন আবুল কালাম। গত মঙ্গলবার দুপুরে কাজে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। কিন্তু এরপর আর বাসায় আসেননি। পরে পরিবারের সদস্যরা তাঁকে আর খুঁজে পাননি। এ ঘটনায় গতকাল বিকেলে আবুল কালামের ছেলে সোহেল লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ শুক্রবার সকালে রহমতখালী খালে আবুল কালামের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।