নিখোঁজের তিন দিন পর যুবককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
নিখোঁজের তিন দিন পর বরগুনার বামনা উপজেলা থেকে রেজাউল হক ওরফে মামুন (২৮) নামের এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। আজ রোববার চেঁচান গ্রামসংলগ্ন বিষখালী নদীর চরের হোগলবন থেকে তাঁকে উদ্ধার করা হয়। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেজাউলের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামে বলে জানিয়েছে মঠবাড়িয়া থানার পুলিশ। তিনি ইট, বালু ও পাথর ব্যবসায়ী। নিখোঁজ হওয়ার পরদিন রেজাউলের স্ত্রী নাসরিন সুলতানা মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রেজাউলকে উদ্ধারকারী চেঁচান গ্রামের সোবহান ও দুলাল হাওলাদার বলেন, আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁরা বিষখালী নদীতে জাল তুলতে যান। এ সময় নদীর চরে হোগলবনে গোঙানির শব্দ শুনে তাঁরা এগিয়ে যান। সেখানে তাঁরা হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে তাঁরা বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে খবর পেয়ে স্থানীয় পুলিশ গিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করে। পরে সেখান থেকে তাঁকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রেজাউল হক মুঠোফোনে জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তুলাতলায় চার থেকে পাঁচজন লোক পথ রোধ করে গামছা দিয়ে চোখ ও হাত বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর আর কিছু তিনি মনে করতে পারছেন না।
বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জাবের আল সাইদ জানান, রেজাউলের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।
রেজাউলের বাবা জিয়াউল হক সাংবাদিকদের বলেন, রেজাউলের সঙ্গে স্থানীয় দুই ব্যবসায়ীর ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিল। গত বৃহস্পতিবার সকালে ওই দুই ব্যবসায়ী রেজাউলের ট্রলারের শ্রমিকদের মারধর করেন। আর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর রেজাউল নিখোঁজ হন। রেজাউলের বাবার অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছিল।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শাহাব উদ্দীন বলেন, একজনকে জীবিত উদ্ধারের খবর পেয়ে রেজাউলের পরিবারকে খবর দেওয়া হয়। পরে তাঁরা বরিশাল মেডিকেলে গিয়ে রেজাউলের সন্ধান পান।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, রেজাউল নিখোঁজের বিষয়ে তাঁর স্ত্রী থানায় জিডি করেছিলেন। তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।