নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি খাল থেকে বাকের হোসেন (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের একটি খাল থেকে নিখোঁজ বাকেরের লাশ উদ্ধার করে কবিরহাট থানার পুলিশ। বাকের ওই গ্রামের বড়বাড়ির জয়নাল আবদিনের ছেলে।
সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন বলেন, তিন দিন আগে (বুধবার) সন্ধ্যার পর বাকেরসহ স্থানীয় তিনজন কালামুন্সির বাজারে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এরপর ওই দোকানে বাকের তাঁর মোবাইল ফোন চার্জে দিয়ে তিনজন একসঙ্গে চলে যান। ১০ থেকে ১৫ মিনিট পর একজন এসে বাকেরের মোবাইল ফোনটি নিয়ে যান। এরপর বাকেরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে কালামুন্সি খালের শাখা খালে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। তিনি চিৎকার দিলে বাকেরের পরিবারসহ আশপাশের লোকজন গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, লাশের নাক দিয়ে সামান্য রক্ত বের হতে দেখা গেছে। শরীরের বাহ্যিক অংশের কোথায় তেমন আঘাত বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাকেরকে হত্যা করে লাশ ওই খালে ফেলে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি বলেন, ঘটনা তদন্তের পাশাপাশি এর সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।