নিখোঁজের দুই ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুর কড়ইতলী থেকে নিখোঁজের দুই ঘণ্টা পর প্রণব বসু (৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।
প্রণব সৈয়দপুর বঙ্গবন্ধু হাইস্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে স্কুলের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
প্রণবের বাবা রাম বসু বলেন, আজ দুপুর তিনটার দিকে প্রণব বাসা থেকে বের হয়। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় তারা প্রণবকে খুঁজতে বের হয়। বিকেল পাঁচটার দিকে শহরের চর সৈয়দপুর কড়ইতলী এলাকায় প্রণবের স্কুলের পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে সন্ধ্যা ছয়টায় সদর থানা-পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রণবের নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, প্রণবের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।