নিখোঁজের দুই মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার
নিখোঁজ হওয়ার ২ মাস ১০ দিন পর গতকাল সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর থেকে মো. ফারুক (২৭) নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
ফারুকের বাড়ি উপজেলার ছলিমপুর ইউনিয়নের উত্তর ছলিমপুরের তুলাতলী গ্রামে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, গত ২৩ মার্চ রাতে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পর ফারুককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বন্ধু সোহেল ও তাঁর সহযোগী জামাল উদ্দিন। তাঁদের বাড়িও তুলাতলী এলাকায়।
পুলিশ জানায়, গত রোববার রাতে জামালকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল সকালে ছলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকার গভীর পাহাড়ে অভিযান চালিয়ে ফারুকের কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালের গায়ে থাকা পোশাক দেখে সেটি শনাক্ত করেন ফারুকের ভাই রাশেদ।
গ্রেপ্তার হওয়া জামালের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, চোরাকারবারিদের কাছ থেকে কম দামে সোনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফারুককে বাড়ি থেকে বের করে আনেন তাঁর বন্ধু সোহেল। তাঁর সঙ্গে যোগ দেন জামাল। পরে তাঁরা পাহাড়ের চূড়ার নিয়ে ফারুককে কুপিয়ে হত্যার পর লাশটি খাদে ফেলে দেন। ঘটনার পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ফারুকের ভাই রাশেদ। গত ২০ এপ্রিল রাশেদ ফারুককে অপহরণের অভিযোগে সোহেল ও তাঁর স্ত্রী শিরিনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে গত রোববার রাতে জামালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য কঙ্কালটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।