নিখোঁজের দুদিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার দুই দিন পর চাঁদপুর সরকারি কলেজের অ্যাকাউন্টিং বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র সুবাগত চঞ্চলের (২২) লাশ স্থানীয় ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে। চাঁদপুর মডেল থানা-পুলিশ আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে লাশটি উদ্ধার করে।
সুবাগতের বাবা চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার সত্য নারায়ণ সাহা।
সুবাগতের ভগ্নিপতি বিপ্লব সাহা বলেন, ১ ডিসেম্বর রাত সোয়া একটার দিকে সুবাগত তাঁর বাবাকে একটু বাহির থেকে আসি বলে ঘর থেকে বের হন। রাতে আর ঘরে ফিরে না আসায় পরদিন তাঁর বাবা সত্য নারায়ণ চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুদিন পর আজ বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ তাঁদের জানায়, চাঁদপুর শহরের ঢালীর ঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে একটি মরদেহ ভেসে আছে। পরে তাঁরা সেখানে গিয়ে সুবাগতের মরদেহ শনাক্ত করেন।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, একটি নীল রঙের গেঞ্জি ছাড়া সুবাগতের পরনে কিছু ছিল না।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ব্যাপারে মামলাও দায়ের করা হবে।