নিখোঁজের দুদিন পর গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
নিখোঁজের দুদিন পর নাটোরের হালসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মনোয়ারা বেগম (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা একটার দিকে সদর উপজেলার হালসা ঝিনাপাড়ার নারদ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মনোয়ারার স্বামী আমিরুল মণ্ডলকে আটক করেছে পুলিশ।
নাটোর সদর থানা-পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সিংড়া উপজেলার নলবাতা গ্রামের নওজের মণ্ডলের মেয়ে মনোয়ারা বেগম গত বৃহস্পতিবার বিকেল থেকেই নিখোঁজ। মনোয়ারার বাবা নওজের মণ্ডল গতকাল শুক্রবার বিকেলে মেয়ের বাড়িতে এসে মেয়ের ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে পাশের বাড়িতে গিয়ে জামাতা আমিরুলকে পেয়ে মেয়ের খোঁজ করেন। এ সময় আমিরুল তাঁকে জানান, দুদিন ধরে তিনি মনোয়ারাকে বাড়িতে দেখতে পাননি। এ অবস্থায় নওজের মণ্ডল নিজের বাড়িতে চলে যান। আত্মীয়স্বজনকে নিয়ে আজ শনিবার আবার মেয়ের বাড়িতে এসে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আশপাশে মনোয়ারার খোঁজ করতে থাকেন। একপর্যায়ে তারা ঝিনাপাড়ার নারদ নদীর ধারে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর (মনোয়ারা) গলাকাটা লাশ দেখতে পান। পরে খবর দিলে সদর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জের ধরে ওই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামী আমিরুল মণ্ডলকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে।