নিখোঁজের দুদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার দুদিন পর ধলেশ্বরী নদী থেকে আবদুল আজিজ (৩৬) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সাধুর বাজার গুদারাঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আবদুল আজিজের পিতার নাম আবদুল কাদির। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকায়।
নিহত ব্যক্তির ছোট ভাই মো. মনসুর বলেন, কদমতলী এলাকায় আদনান শেঠ মার্কেটে কাদির স্টিল নামে আবদুল আজিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শনিবার বিকেলে আবদুল আজিজ দোকান থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে পরদিন সকালে এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় লোকমুখে শুনি কেরানীগঞ্জের সাধুর বাজার গুদারাঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে আমার বড় ভাইয়ের লাশ শনাক্ত করি। লাশ উদ্ধারের সময় তাঁর পকেট থেকে নগদ ৪০ হাজার টাকা ও কাগজপত্র পাওয়া যায়।’ তিনি অভিযোগ করেন, ব্যবসায়িক পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আবদুল আজিজকে তুলে নিয়ে শ্বাসরোধে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন বলেন, লাশের শরীরে পচন ধরায় আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।