নিখোঁজের দুদিন পর মাটি খুঁড়ে মিলল শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে নিখোঁজ হওয়ার দুদিন পর মাটি খুঁড়ে আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম রিয়া আক্তার ওরফে ইতি। গত সোমবার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের দক্ষিণ মমিনপুর গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত শনিবার সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে শিশু ইতির লাশের ময়নাতদন্ত করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে তাঁরা মোটামুটি নিশ্চিত। তবে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কী না- তা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করা হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিবেদন দেওয়া হবে।

 শিশুটির বাবা গোলাম মাওলা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তাঁর ছোট মেয়ে ইতি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার বিকেলে তাঁর বড় মেয়ের জন্য প্রয়োজনীয় কাগজ-কলম কিনতে রিয়ার মা রহিমা বেগম স্থানীয় বাজারে যান। মায়ের আসতে দেরি হচ্ছে দেখে রিয়া অস্থির হয়ে পড়ে। একপর্যায়ে ঘর থেকে টর্চলাইট নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির পাশের দোকান পর্যন্ত রিয়াকে যেতে দেখেন তিনি। এরপর আর রিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যার আগমুহূর্তে বাড়ি থেকে কয়েক শ গজ দূরে একটি পরিত্যক্ত ভিটার পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশী এক নারী নাকে গন্ধ পান। কিছুটা এগিয়ে দেখেন কিছু একটা মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তাঁরা থানায় খবর দেন। পরে রাত আটটার দিকে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে তাঁর মেয়ের লাশ উদ্ধার করে।

শিশুটির বাবা আরও বলেন, এলাকায় কিছু মাদকসেবী ব্যক্তির কর্মকাণ্ড তিনি পছন্দ করতেন না। তাঁরা ক্ষুব্ধ হয়ে তাঁর মেয়েকে হত্যা করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার প্রথম আলোকে বলেন, শিশুটি শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সোমবার সন্ধ্যায় খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মেয়েটিকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছে বলে মনে হচ্ছে। শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কী না- সেটি চিকিৎসকের প্রতিবেদন হাতে পেলে বলা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে ওসি জানান।