নিখোঁজের দুদিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের দুদিন পর গতকাল বুধবার কলেজশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম ফয়সাল আহম্মেদ (২২)। তিনি পৌর শহরের পূর্ব কালীনগর এলাকার মো. আজিজুর রহমানের ছেলে এবং নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, গত শনিবার ফয়সাল চার বন্ধুকে নিয়ে পৌর শহরের গড়কালা এলাকায় দরবেশ আলীর পুকুর বর্গা নিয়ে মাছ ধরার জন্য শ্যালো মেশিন দিয়ে সেচতে যান। সোমবার পুকুর অর্ধেক সেচার পর দুপুরে ফয়সাল কিছু মাছ নিয়ে বাড়ি যান। সন্ধ্যার আগেই তিনি বাড়ি থেকে পুকুরের উদ্দেশে বের হন। মঙ্গলবার মুঠোফোন বন্ধ থাকায় মা রেহেনা বেগম ফয়সালকে খুঁজতে পুকুরপাড়ে আসেন। সেখানে বন্ধুরা জানান, ফয়সাল বাড়ি গিয়ে আর ফিরে আসেননি। পরে ফয়সালের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করেন। কিন্তু কোথাও সন্ধান মেলেনি। গতকাল বিকেলে পৌর শ্মশানের পুকুরে এলাকাবাসী ফয়সালের লাশ ভাসতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেন। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।