নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার দুদিন পর গাজীপুরের লতিফপুর এলাকার একটি ডোবা থেকে গতকাল সোমবার সকালে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নার্গিস আক্তার। বাড়ি পাশের কাশিমপুর সারদাগঞ্জ এলাকায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নার্গিস (১৪) নিজ বাড়িতে গত শনিবার রাত ১০টার দিকে দাদির সঙ্গে ঘুমুতে যায়। কিন্তু রাত সাড়ে তিনটার দিকে ঘুম ভেঙে গেলে দাদি দেখতে পান নার্গিস বিছানায় নেই। পরদিন রোববার অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে লতিফপুর এলাকার ওই ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি নার্গিসের বলে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।