নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার জোড়াখালী গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত ওই ছাত্রের নাম মেহেদি হাসান (৮)। সে উপজেলার পাটিকেলঘাটা ইউনিয়নের জোড়াখালী গ্রামের শাহিন জমাদ্দারের ছেলে। মেহেদি জোড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

কাঁঠালিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মেহেদি নিখোঁজ ছিল। গত শনিবার তার বাবা কাঁঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রোববার রাতে উপজেলার জোড়াখালী গ্রামের আমুয়া-মঠবাড়ি ভাড়ানী খালে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। মেহেদির মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জোড়াখালী গ্রামের মো. শাহাদাত (২০) ও দাউদকান্দিগ্রামের বাবুলের স্ত্রী রেহেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।