নিখোঁজের নয় দিন পর যুবদল নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের নয় দিন পর আজ বুধবার চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের যুবদল নেতা মিরাজুল ইসলামের (২৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবারের অভিযোগ, নয় দিন আগে সাদা পোশাক পরা পুলিশ মিরাজুলকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মীর ফজলে এলাহী জানান, মিরাজুল ঝিনাইদহ পৌর যুবদলের সহসভাপতি ছিলেন। রাজনীতি করতেন বলে তাঁকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা গ্রামের একটি মাঠ থেকে মিরাজুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। প্রথমে লাশটি অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করা হয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে নিহতের বড় ভাই ইয়াদ আলী মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন। পুলিশের ধারণা, মিরাজুলের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই ইয়াদ আলী অভিযোগ করেন, ১৭ মার্চ রাতে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে বাড়ির সামনের একটি মেস থেকে মিরাজুলকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে তিনি ঝিনাইদহ সদর থানায় যোগাযোগ করেন। কিন্তু তারা কোনো তথ্য দিতে পারেনি। ইয়াদ আলী দাবি করেন, বিএনপির রাজনীতি করার কারণেই তাঁর ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান বলেন, কারা মিরাজুলকে ধরে নিয়ে গিয়ে খুন করেছে, তা এখনই বলা যাচ্ছে না। তবে খুনের কারণ এবং খুনিদের শনাক্ত করতে পুলিশের তৎপরতা চলছে। এ ব্যাপারে কথা বলার জন্য ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব দেবনাথের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে তিনি একটি সভায় ব্যস্ত থাকায় তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি।