নিখোঁজের পর ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের দুই দিন পর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদ থেকে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নান্না শেখ (২৫)। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে গাবতলা এলাকায় নদে লাশটি ভেসে ওঠে।

নান্না শেখ গরু ও ছাগলের ব্যবসা করতেন। তিনি মোরেলগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া এলাকার প্রয়াত করিম শেখের ছেলে।

নান্নার বড় ভাই বাবুল শেখ বলেন, গত বৃহস্পতিবার সকালে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বেরোনোর পর তাঁর আর খোঁজ মেলেনি। পরে আজ পুলিশ লাশ উদ্ধারের খবর দিলে তাঁরা গিয়ে ভাইকে শনাক্ত করেন। তাঁরা এ হত্যাকাণ্ডের জন্য কাউকে সন্দেহ করেন কি না, জানতে চাইলে বলেন, তাঁদের কোনো শত্রু নেই।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম এই প্রতিবেদককে বলেন, ১১ মে ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে নান্না শেখ রাতে আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে পরদিন বাবুল শেখ মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে মোরেলগঞ্জের বিভিন্ন এলাকাসহ জেলার বাইরে বার্তা পাঠায়। আজ সকালে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

ওসি বলেন, গতকাল শুক্রবার কোনো এক সময়ে নান্নাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে নদে লাশ ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের পেটেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে নিহত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।