নিখোঁজের পর ভেসে উঠল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের চার দিন পর মাসুদ রানা (৪৫) নামের এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বালু নদের দক্ষিণপাড়া এলাকা থেকে আজ রোববার সকালে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

নিহত মাসুদ রানা উপজেলার মাঝিনা এলাকার আবদুল বাসেতের ছেলে। ওই এলাকাতেই চালের পাইকারি ব্যবসা করতেন তিনি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, গত বুধবার রাতে বাসা থেকে বের হওয়ার পর মাসুদের আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আজ সকালে বালু নদের দক্ষিণপাড়া এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

ওসি মো. ইসমাইল হোসেন আরও বলেন, নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।