নিখোঁজের পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ থাকার পাঁচ দিন পর গতকাল রোববার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামের একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে পারভিন আকতার (২৫) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পারভিন সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামের সাইফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পারভিন আকতারের স্বামী সাইফুল ইসলাম (৩৫), সাইফুলের প্রথম স্ত্রী পারভিন খাতুন (৩২), খালাতো শ্যালক আবদুল করিম (২৫) ও রানা মিয়াকে (২২) গতকাল আটক করেছে পুলিশ।

সাঘাটা থানার পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, পারভিন আকতার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের বুরুঙ্গি গ্রামের আফজাল হোসেন সরকারের মেয়ে। ১৫ বছর আগে পারভিন খাতুনের সঙ্গে কামালেরপাড়া গ্রামের সাইফুল ইসলামের বিয়ে হয়। পারভিন খাতুন ও সাইফুলের সংসারে তিন ছেলে-মেয়ে রয়েছে।

এরপর দুই বছর আগে সাইফুল একই উপজেলার পারভিন আকতার নামের এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে সাইফুল দ্বিতীয় স্ত্রী পারভিন আকতারকে নিয়ে সংসার করে আসছিলেন। কিছুদিন যেতে না যেতেই পারভিন আকতারকে বিদায় করার জন্য তাঁর ওপর স্বামী ও সতিন মিলে নির্যাতন শুরু করেন। কিন্তু তারপরও পারভিন আকতার স্বামীর বাড়ি ছাড়েননি। পরে পরিকল্পিতভাবে বেড়ানোর কথা বলে পারভিন আকতারকে ২৫ জুলাই সাইফুল তাঁর প্রথম স্ত্রীর খালু চান মিয়ার বাড়ি বসন্তেরপাড়া গ্রামে বেড়াতে নিয়ে যান।

এদিকে তাঁর স্বামীর বাড়ির লোকজন প্রচার করতে থাকেন রাগ করে পারভিন আকতার বাড়ি থেকে চলে গেছেন।

এরপর পাঁচ দিন ধরে সাইফুলের দ্বিতীয় স্ত্রী পারভীন আকতারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমনকি তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চান মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে পারভীন আকতারের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গতকাল সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান গতকাল বিকেলে জানান, আটক সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।