নিখোঁজ হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর নিজেদের ভাড়া বাসার সামনের পানির ট্যাংক থেকে ছয় বছরের শিশু মুক্তা আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। মুক্তা মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় প্লে শ্রেণিতে পড়ত।
পুলিশ জানায়, এই হত্যার ঘটনায় প্রতিবেশী এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের ধারণা, শিশুটিকে গলা কেটে হত্যার পর পানির ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে।
শিশু মুক্তার মা-বাবা সাতমসজিদ হাউজিংয়ের ৫ নম্বর সড়কের একটি টিনশেড বাড়িতে থাকেন। তার বাবা মোস্তাফিজুর রহমান রংমিস্ত্রি।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে খবর পেয়ে থানার পুলিশ সাতমসজিদ হাউজিংয়ে যায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, প্রতিবেশী এক নারী তাঁদের ভাড়া বাসার সামনের পানির ট্যাংক থেকে মুক্তার গলাকাটা লাশ উদ্ধার করে তাঁর বাসায় নিয়ে রেখেছেন। পুলিশ ওই নারীর বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক প্রথম আলোকে বলেন, শিশু খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে মুক্তার বাবা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে মুক্তা বাসা থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী ফারুকের মা তাঁদের ভাড়া বাসার সামনের পানির ট্যাংকের ঢাকনা খুলে তাঁদের জানান, মুক্তাকে পানির ট্যাংকে পাওয়া গেছে। এরপর ফারুকের মা মুক্তাকে পানির ট্যাংক থেকে তুলে তাঁদের বাসায় নিয়ে রাখেন।
কান্নাজড়িত কণ্ঠে মোস্তাফিজুর রহমান বলেন, ১৫-১৬ দিন আগে বারান্দার রশিতে কাপড় দেওয়া নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে ফারুকের মায়ের
বচসা হয়। তখন ফারুকের মা তাঁর স্ত্রীকে দেখিয়ে দেবেন বলে শাসিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে ফারুকের মা খুন করেছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু: গত বুধবার মধ্যরাতে পুলিশ উত্তরার ১০ নম্বর সেক্টরের ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মানসুরা হকের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রকৌশল বিভাগে পড়তেন। তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ার তারাগঞ্জের খিলগাঁওয়ে।
উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসুরা হক আত্মহত্যা করেছেন।
গতকাল বিকেলে বনশ্রীর একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মোজাম নামে এক শ্রমিক মারা গেছেন। তাঁর সহকর্মী আখের আলী জানান, বেলা তিনটার দিকে মোজাম নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় পাশের একটি দেয়াল তাঁর ওপর ধসে পড়ে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মোজামের গ্রামের বাড়ি রংপুরে।