নিখোঁজের ১৬ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজ থাকার ১৬ দিন পর এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার বানা ইউনিয়নের আউশিরহাট মৌজার একটি পাটখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ভ্যানচালকের নাম হেদায়েত মোল্লা (২০)। তিনি ওই গ্রামের মুরাদ মোল্লার ছেলে। ৭ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে নান্নু খাঁর বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড় ঘেঁষে থাকা পাটখেতে পাট কাটতে যান কৃষকেরা। এ সময় তাঁরা খেতের মধ্যে একটি রেইনট্রিগাছের সঙ্গে অর্ধগলিত ঝুলন্ত লাশটি দেখে পুলিশে খবর দেন। নিহত ব্যক্তির মা রোকেয়া বেগম ঘটনাস্থলে এসে ছেলের মুঠোফোন দেখে লাশটি হেদায়েতের বলে শনাক্ত করেন।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
আলফাডাঙ্গা থানার এসআই হাসিমুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।