নিখোঁজের ১৮ ঘণ্টা পর মিলল পরীক্ষার্থীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমিত দত্ত
সুমিত দত্ত

সুমিত দত্ত (১৮)! এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ছিলেন। কিন্তু পরীক্ষার এক দিন আগেই নিখোঁজ হন সুমিত। এ ঘটনায় তাঁর বাবা শ্যামল দত্ত বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু তাঁর খোঁজ মেলেনি। তাঁর সহপাঠীরা যখন পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বের হয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বাড়ির পাশে বিলে মিলল সুমিতের লাশ।
গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় নগরের উত্তর কাট্টলী কালীবাড়ির পাশে একটি বিল থেকে সুমিতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ ও নিহতের পরিবার বলতে পারছে না কারা কী কারণে সুমিতকে হত্যা করেছে। পুলিশ শুধু বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
শ্যামল দত্ত প্রথম আলোকে জানান, মঙ্গলবার বেলা আড়াইটায় বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি সুমিত। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় জিডি করা হয়। সকালে বাসার পাশের বিলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সুমিতের লাশ উদ্ধার করে। সুমিতের সঙ্গে কারও শত্রুতা নেই। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর দুই ছেলের মধ্যে সুমিত ছিল ছোট।