নিখোঁজের ২১ দিন পর তরুণীকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের ২১ দিন পর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দৌলতদিয়ার যৌনপল্লি থেকে এক তরুণীকে (২০) উদ্ধার করেছে। গত মঙ্গলবার তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ গত বুধবার ওই তরুণীকে আদালতে পাঠায়। আদালত তরুণীকে ফরিদপুরে নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে দেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই তৈরি পোশাক কারখানার কর্মী ওই তরুণী ঢাকার মিরপুর থেকে উত্তরায় চাচাতো বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে অপরিচিত এক নারীর সঙ্গে তাঁর আলাপ হয়। ওই নারী তাঁকে বেশি বেতনের চাকরির প্রলোভন দেখান। ওই দিনই বিকেলে তাঁকে দৌলতদিয়া যৌনপল্লির লাখি বেগম নামের এক বাড়িওয়ালির কাছে রেখে চলে যান।
কয়েক দিন আগে যৌনপল্লিতে আসা এক লোকের কাছে তরুণী ঘটনাটি খুলে বললে ওই ব্যক্তি বিষয়টি তরুণীর ভাইকে জানান। মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ বিষয়টি জানতে পেরে রাতেই লাখির বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই তরুণী নিজেই বাদী হয়ে বাড়িওয়ালি লাখি বেগম ও বাড়ির তত্ত্বাবধায়ক পাখিকে (৪৫) আসামি করে মামলা করেন।