নিখোঁজের ২২ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের ২২ দিন পর আবদুল হান্নান (৫৭) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে সাড়ে আটটার দিকে ভূঁইগড় পশ্চিমপাড়া এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আবদুল হান্নানের বাড়ি সদর উপজেলার ভূঁইগড় পশ্চিমপাড়া এলাকায়।
নিহত আবদুল হান্নানের মা গুলনাহার বেগম বলেন, গত পয়লা ফেব্রুয়ারি সকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হান্নান। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পশ্চিমপাড়া তিন রাস্তার মোড়ে কালভার্টের নিচে স্থানীয় লোকজন লাশ দেখতে পায়। পরে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হান্নানের পড়নের কাপড় দেখে লাশ শনাক্ত করেন। পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিখোঁজের ২২ দিন পর ওই ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে সে নিখোঁজ থাকলেও থানায় কোনো জিডি বা মামলা করেনি তাঁর পরিবার। মামলার প্রস্তুতি চলছে।