নিখোঁজের ২২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নিখোঁজের ২২ দিন পর ব্যাটারিচালিত ভ্যানের চালক বাবু শেখের (১৯) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রাম থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বাবু শেখ গোহাইলবাড়ি গ্রামের শরিফ শেখের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই গ্রামের বাসিন্দা প্রদীপ কর জানান, জিনসের প্যান্ট ও কালো জ্যাকেট পরিহিত ওই তরুণের হাত ও পা বাঁধা ছিল। বাবুর চাচা সোবাহান শেখ জানান, সকাল ১০টার দিকে তিনি গ্রামের জয়নাল শেখের শণ ও কুলবরই বাগানে ঘাস কাটতে গিয়ে পচা গন্ধ পান। পরে সেখানে খুঁড়ে বাবুর লাশ দেখতে পান। এরপর বাবুর মা রূপবান বেগম বাবুকে শনাক্ত করেন।
শরিফ শেখ জানান, গত ২০ নভেম্বর রাতে ভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য গোহাইলবাড়ি বাজারের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি বাবু। এলাকাসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়। পাঁচ ভাইবোনের মধ্যে বাবু সবার বড় ও অবিবাহিত ছিলেন।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।