নিখোঁজের ৫ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকার গভীর জঙ্গল থেকে গতকাল শনিবার ওসমান গণি (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওসমান গণির বাড়ি দক্ষিণ জানারঘোনা এলাকায়।
ওসমানের বাবা নুর মোহাম্মদ বলেন, গত সোমবার বিকেলে জানারঘোনা এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান ওসমান। গতকাল দুপুরে জানারঘোনার জঙ্গলে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির কানের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, ওসমান গণির কোটের পকেট থেকে একটি এলজি ও একটি কার্তুজ পাওয়া গেছে। ওসমানের বিরুদ্ধে মানব পাচারসহ বিভিন্ন অভিযোগ আছে। ওসি বলেন, কোনো অপরাধী চক্র ওসমানকে অপহরণের পর হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।