নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের পাঁচ দিন পর ইসমাইল হোসেন রিয়াদ (১১) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ইটভাটি এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রিয়াদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিয়াদ ঈদবারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। রিয়াদের বাবা মো. ফিরোজ ভূঁইয়া গাড়িচালক।

রিয়াদের মা রেখা আক্তার বলেন, গত শুক্রবার ভোর ছয়টার দিকে মসজিদের মাইকে ছাত্র-ছাত্রীদের মক্তবে পড়তে যাওয়ার জন্য ডাকলে রিয়াদ বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গত সোমবার রিয়াদের বাবা আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পাঁচ দিন পর আজ দুপুরে ডোবা থেকে রিয়াদের লাশ উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, রিয়াদের পরিবার লাশ শনাক্ত করেছে। লাশ পচে অনেকটাই গলে গেছে। ধারণা করা হচ্ছে, রিয়াদকে অপহরণের পর হত্যা করা হয়েছে।