নিখোঁজের ৭ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে নিখোঁজের সাত দিন পর এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার সদর উপজেলার ছোট বহুলা গ্রাম থেকে আকাশ (৭) নামের ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। আকাশ ওই গ্রামের খুরশেদ আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামের খুরশেদ আলী ও ইসমাইল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয় কয়েক দিন আগে। উভয়ের মধ্যে মামলাও চলছে। এ অবস্থায় সাত দিন আগে নিখোঁজ হয় খুরশেদ আলীর ছেলে আকাশ। আকাশ নিখোঁজের বিষয়ে খুরশেদের পরিবার ইসমাইলের পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল। এ ঘটনায় হবিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে নিখোঁজ শিশুর পরিবার। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইসমাইল মিয়ার ছেলে সুমনকে গতকাল শনিবার রাতে আটক করে। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আজ রোববার পুলিশ ওই গ্রাম থেকে পানিতে ডুবন্ত অবস্থায় শিশু আকাশের গলিত লাশ উদ্ধার করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, দুই পক্ষের বিরোধ থেকে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে।