নিখোঁজের ৭ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজের সাত দিন পর পুকুর থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর-মুন্সিপাড়া এলাকায় আবু হুযাইফা (৮) নামে এক স্কুলছাত্রের লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে দেবীগঞ্জ থানা-পুলিশ।

আবু হুযাইফা ওই এলাকার আবদুল কাদেরের ছেলে। সে স্থানীয় বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

পুলিশ ও হুযাইফার পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর বেলা তিনটার পর থেকে হুযাইফার কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে পরদিন ১৮ ডিসেম্বর দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হুযাইফার বাবা। পরে মাইকিংসহ স্থানীয়ভাবে পোস্টার সাঁটানো হয়। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে হুযাইফার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হুযাইফার বাবা আবদুল কাদের বলেন, ‘আমার সঙ্গে কারও শত্রুতা নেই। আমার ছেলের বয়স আট বছর। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তার পুকুরে পড়ে যাওয়ার কথা না। কীভাবে কী হলো, বুঝতে পারছি না। কেউ তাকে হত্যা করে পুকুরে ফেলে দিতে পারে।’

দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউপির চেয়ারম্যান জামেদুল ইসলাম বলেন, শিশুটি নিখোঁজের পর ওই পুকুরটিতেই জাল ফেলে খোঁজ করা হয়েছিল। কিন্তু তখন সেখানে শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সেখান থেকেই শিশুটির লাশ উদ্ধার রহস্যজনক বলে মনে হচ্ছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পরদিন পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পুকুরে পড়েই শিশুটির মৃত্যু হয়েছে। তবে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারণ নিশ্চিত করা যাবে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে তিনি জানান।