নিখোঁজের ৮ দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের আট দিন পর খোরশেদ আলম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর ওয়াপদা খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খোরশেদ আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ ১০টি মামলা ছিল।
নিহত খোরশেদ আলম লক্ষ্মীপুর পৌরসভার শমসেরাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে। বাদশা মিয়া জানান, গত ২৯ জুলাই বুধবার দুপুরে খোরশেদ আলম আদালতে হাজিরা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আদালত এলাকা থেকে খোরশেদ আলমকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন জানান, খোরশেদ আলমের হত্যার পর হাত-পা বেঁধে লাশ খালে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।