নাম পরে কেন? সাংবাদিককে পেটাল ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির সভাপতি রাকিবুল হাসানকে রুমে ডেকে ছাত্রলীগের এক নেতা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাকিবুল দৈনিক ইত্তেফাক ও অনলাইন পত্রিকা এবিনিউজ২৪.কম-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠান নিয়ে প্রকাশিত এক প্রতিবদেনে এক নেতার নাম নিচের দিকে ছাপা হওয়ায় রাকিবুলকে মারধর করা হয়।

রাকিবুল বলেন, ‘৪ জানুয়ারি চুয়েটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর প্রকাশিত হয় এবিনিউজ২৪.কম-এ। প্রতিবেদনটিতে ছাত্রলীগের চুয়েট শাখার কয়েকজন যুগ্ম আহ্বায়কের নাম প্রকাশিত হয়। তাঁদের মধ্যে একজন যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দীনের নাম সবার শেষে লেখা হয়। আর এ কারণেই ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা করেছে চুয়েট ছাত্রলীগের অপর যুগ্ম আহ্বায়ক এবং মোসলেহর অনুসারী আশরাফ-উল-নাঈম।’

রাকিব জানান, গত সোমবার মধ্যরাতে শহীদ তারেক হুদা হলের ৩২০ নম্বর কক্ষে তাঁকে ডেকে নিয়ে যান নাঈম। এরপর রাকিবুলের কাছে প্রতিবেদনে মোসলেহ উদ্দীনের নাম সবার পরে লেখার কারণ জানতে চান নাঈম। এ সময় নাঈম হাতে থাকা রড দেখিয়ে জীবননাশের হুমকি দেন। কথার একপর্যায়ে মোসলেহকে মোবাইলে ডেকে আনেন নাঈম। এরপরই মোসলেহর সামনেই পুনরায় নাঈম রাকিবের ওপর চড়াও হন এবং তাঁকে কিল, ঘুষিসহ মারধর করেন।

এ ব্যাপারে জানতে আজ বিকেলে যোগাযোগ করা হলে নাঈম প্রথম আলোকে বলেন, ‘আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, তড়িৎকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈমকে ক্যাম্পাসে বিশৃঙ্খল আচরণের দায়ে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর এবং ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর আবাসিক হল থেকে আজীবনের বহিষ্কারাদেশ দেওয়া হয়। আবাসিক হল থেকে দুবার বহিষ্কার হওয়ার পরও ছাত্রলীগের এ কর্মী হলে অবস্থান করছেন।

এ ব্যাপারে মোসলেহ উদ্দিন বলেন, ‘সোমবার রাতে আমি হলে ছিলাম। কিন্তু এ রকম কিছু শুনিনি।’ মোসলেহ বর্তমানে হলে অবস্থান করলেও সেখানে তাঁর কোনো আসন নেই বলে জানায় কর্তৃপক্ষ।

চুয়েট শাখা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, ‘এ রকম একটি ঘটনা ঘটেছে বলে আজ সকালে আমি শুনেছি। এ ধরনের ঘটনা সংগঠন থেকে কখনো সমর্থন করা হবে না।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। দ্রুত তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

আজীবনের জন্য আবাসিক হল থেকে বহিষ্কার হওয়ার পরেও ছাত্রলীগের নেতারা কীভাবে হলে থাকেন, এই প্রশ্নে উপাচার্য বলেন, ‘এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে রাকিবুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও রাউজান সাংবাদিক সমিতির নেতারা। বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা মোসলেহ উদ্দীন ও আশরাফ-উল-নাঈমকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানানো হয়।