নিজ ঘরে যুবকের লাশ
রংপুর শহরের তাজহাট ডিমলা এলাকায় নিজ বাড়ি থেকে সবুজ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। সবুজ ওই এলাকার জাভেদ আলীর ছেলে।
এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ডিমলা এলাকার লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে দেখতে পায়, শোওয়ার ঘরের বিছানায় মরদেহটি পড়ে রয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সবুজের পরিবারের সদস্যদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম আজ রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যুবক সবুজের সঙ্গে স্থানীয় এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে। বিষয়টি জানার পর পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সবুজের বাবা জাভেদ আলী জানান, সবুজ ঢাকার একটি জুসের কারাখানায় চাকরি করেন। গত সোমবার তিনি বাড়িতে আসেন। সকালে তাঁকে বাড়িতে রেখে তিনি তাজহাট ডিমলা মোড়ে তাঁর চুল কাটার দোকানে যান। আর সবুজের মা সালেহা খাতুন সকালে গ্রামে অন্যের জমিতে আলু তোলার কাজ করতে গিয়েছিলেন। সন্ধ্যায় জাভেদ আলী জানতে পারেন, সবুজ তাঁর নিজের ঘরে মরে পড়ে রয়েছে।
ওসি জাহিদুল জানান, ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।