নিজ বাড়িতে ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির্জা খালিদ ইনতেজার ওরফে শক্তি মির্জার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার নিজ বাড়ি থেকে গতকাল শনিবার গভীর রাতে স্বজনেরা তাঁর লাশ উদ্ধার করেন। তিনি উল্লাপাড়া আসনের সাবেক সাংসদ ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল লতিফ মির্জার একমাত্র ছেলে।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শক্তি মির্জা শনিবার গভীর রাতে বাসায় ফেরেন। এ সময় তাঁর মা ও স্ত্রী নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রোববার সকালে তাঁর স্বজনেরা পাশের কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক রোকনুজ্জামান বলেন, শক্তি মির্জার গলায় কাল দাগের চিহ্ন দেখা গেছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
শক্তি মির্জার চাচাতো ভাই ইকবাল হোসেন বলেন, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে শক্তি মির্জাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তিনি আত্মহত্যা করেছেন বলেই মনে হচ্ছে। সন্ধ্যার পর তাঁর মরদেহ বঙ্কিরাট গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।