নিজ বাড়িতে ব্যবসায়ী খুন
কুষ্টিয়া শহরের চরমিলপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার সকালে বাচ্চু ভুঁইয়া নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, আগের রাতের কোনো এক সময়ে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বাচ্চু ভুঁইয়ার (৪৫) পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার কাচারীকান্দি গ্রামে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বাচ্চু ভুঁইয়া ১৫ বছর আগে চরমিলপাড়া এলাকায় বাড়ি করেন। এর পর থেকে তিনি কুষ্টিয়া শহরের এনএস রোডে ক্রোকারিজের ব্যবসা করে আসছিলেন। পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকেন। গতকাল সকালে বাচ্চুর স্ত্রী স্বামীর মুঠোফোনে একাধিকবার কল দেন। তবে ফোন না ধরায় তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। এরপর প্রতিবেশীরা ডাকাডাকিও করেও কোনো সাড়া পাননি। পরে পুলিশের সহযোগিতায় তাঁরা বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের ভেতরে বাথরুমের পাশে বাচ্চুর লাশ পড়ে থাকতে দেখা যায়।