নিজ বাড়িতে যুবককে কুপিয়ে খুন, বাবা জখম

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গত বুধবার রাতে নিজ বাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত হয়েছেন তাঁর বাবা। জমিজমার বিরোধ ও পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পরিবার ও পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম আমজাদ হোসেন বিশ্বাস (৩২)। তিনি কালুখালীর কালিকাপুর গ্রামের লিয়াকত আলী বিশ্বাসের ছেলে। আমজাদ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক।
নিহত আমজাদের বড় ছেলে প্রত্যক্ষদর্শী ইব্রাহিম বিশ্বাস (১৩) বলে, বুধবার রাত ৯টার দিকে বাড়িতে আসেন তাঁর বাবা আমজাদ। এ সময় বাড়ির অন্যরা ঘরের ভেতরে রাতের খাবার খাচ্ছিলেন। আমজাদ খাওয়া সেরে ব্রাশ হাতে নিয়ে নলকূপের কাছে যান। এ সময় আকস্মিক তাঁর ওপর হামলা হয়। তিনি চিৎকার দিয়ে দৌড়ে ঘরে ঢুকতে যান। কিন্তু হোঁচট খেয়ে উঠানে পড়ে যান। এ সময় একই গ্রামের বাসিন্দা আলম শেখের দুই ছেলে সুমন শেখ ও রুবেল শেখ এবং পাশের ঝাউগ্রামের ইসমাইল বিশ্বাসসহ ৮-১০ জন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। তার দাদা লিয়াকত আলী বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের পা জড়িয়ে ধরে ছেলেকে ছেড়ে দিতে বলেন। এ সময় তাঁকেও কোপানো হয়। একপর্যায়ে হামলাকারীরা তাকেও (ইব্রাহিম) খুঁজতে থাকে। কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়।
আশপাশের লোকজন আমজাদ ও লিয়াকতকে রাত ১০টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, আমজাদ হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আর লিয়াকত এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সিদ্ধার্থ শংকর বিশ্বাস বলেন, লিয়াকতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। তিনি এখনো বমি করছেন।
বাড়িতে মাতম
নিহত আমজাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি কৃষিকাজ করতেন। এ ছাড়া জমি বেচাকেনায় যুক্ত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, বাড়ির বাইরে জটলা করে আছে লোকজন। বাড়ির ভেতরে উঠানে ছোপ ছোপ জমাট বাঁধা রক্ত। বাড়িতে আহাজারি করছেন আমজাদের মা, সন্তানসহ স্বজনেরা। তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন প্রতিবেশীরা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাশের ঝাউগ্রামের ইসমাইল বিশ্বাসের সঙ্গে জমিজমা নিয়ে আমজাদের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। আর আমজাদের মামা শহিদুল ইসলাম মালদ্বীপ যাওয়ার জন্য প্রতিবেশী আলম শেখকে দেড় বছর আগে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়েছিলেন। দীর্ঘদিন গেলেও সেখানে পাঠাতে না পারায় টাকা ফেরত চাওয়া হয়। এতে বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই ইসমাইল ও আলম শেখের ছেলে সুমন ও রুবেলের নেতৃত্বে এ হামলা হয়েছে।
হামলাকারীদের সঙ্গে চেয়ারম্যানের সখ্য?
নিহত আমজাদের মামা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, স্থানীয় রাজনীতি নিয়ে কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমানের সঙ্গে আমজাদের বিরোধ ছিল। আর হামলাকারীদের সঙ্গে চেয়ারম্যান আতিয়ারের সখ্য রয়েছে।
তবে চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, ‘ইসমাইল, সুমনরা সন্ত্রাসী। তাদের সঙ্গে আমার কোনো সখ্য নেই। রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।’
হত্যাকাণ্ডের ঘটনায় আমজাদের স্ত্রী জেসমিন খাতুন গতকাল দুপুরে কালুখালী থানায় হত্যা মামলা করেন। এতে ইসমাইল বিশ্বাসকে (২৩) প্রধান আসামিসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও সাতজনকে। পুলিশ রাতেই আবজাল শেখ (৩০) নামের এক ব্যক্তিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে। তাঁর বাড়ি একই ইউনিয়নের ঝাউগ্রামে। পুলিশ বলছে, আবজাল ইসমাইলের সহযোগী। তবে মামলায় তাঁর নাম নেই।
তবে হত্যাকাণ্ডে আবজালের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তাঁর বাবা আবুল শেখ। তিনি বলেন, আবজাল ঘটনার সময় বাড়ির পাশের একটি বাজারে ছিলেন।
অভিযুক্ত ইসমাইল, রুবেল ও সুমনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘরগুলো তালাবদ্ধ পাওয়া যায়।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ফজলুল করিম বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে রাতেই আবজালকে আটক করা হয়। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের ধরতে অভিযান চলছে।