নিজ বুদ্ধিমত্তায় পালিয়ে রক্ষা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যালয়ে যাওয়ার পথে আরাফাত হোসেন (১২) নামের এক স্কুলছাত্রকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌঁছালে সুযোগ বুঝে গাড়ি থেকে পালিয়ে রক্ষা পায় আরাফাত। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। 

আরাফাত গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং দক্ষিণ উজানচর মঙ্গলপুর গ্রামের মৃত আবদুল মালেক ফকিরের ছেলে।
আরাফাত জানায়, সে সকাল সাড়ে সাতটার দিকে রিকশায় করে বাড়ি থেকে বের হয়ে শহরের বদিউজ্জামান ব্যাপারী পাড়ার কালুর মোড় এলাকায় নামে। সেখান থেকে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে তার পেছনে কালো রঙের একটি মাইক্রোবাস থামে। গাড়ি থেকে তিন যুবক তাঁকে জোর করে গাড়িতে তোলে। সে চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। মাইক্রোবাসটি দ্রুত গোয়ালন্দ বাজার হয়ে দৌলতদিয়া ফেরিঘাটে থাকা ফেরিতে গিয়ে উঠে। নদী পাড়ি দিয়ে ফেরিটি পাটুরিয়ার ৩ নম্বর ঘাটে ভিড়লে ওই তিন যুবক গাড়ি রেখে ঘাটের একটি মুদি দোকানে যায়। এ সময় কৌশলে গাড়ির দরজা খুলে দৌড়ে এক দোকানে গিয়ে পালায় সে। তাকে না পেয়ে যুবকেরা কিছুক্ষণ খোঁজাখুঁজি করে চলে যায়।
খানজাহান আলী ফেরির ক্যানটিন ব্যবস্থাপক মো. হামিদ ও মন্টু শেখ জানান, ৩ নম্বর ফেরি ঘাটের কাছে শিশুটি কান্নাকাটি করছিল। তার পরনের গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের লোগো দেখে তাৎক্ষণিক ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলামকে ফোনে জানানো হয়। বেলা সাড়ে দশটার দিকে শিশুটিকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বিষয়টি তাঁদের জানিয়েছিলেন। শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।