নিজ সংগঠনের একাংশের হামলায় আঙুল থেঁতলে গেল ছাত্রলীগ কর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন একই সংগঠনের একটি অংশের কর্মীদের হামলায়। গত সোমবার রাত আড়াইটার দিকে হলের গণরুমে (১১১ নম্বর কক্ষ) এ ঘটনা ঘটে।
আহত কর্মীরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ফয়সাল আহমেদ ও আতিকুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাশিদুল ইসলাম। তাঁরা সবাই প্রথম বর্ষের ছাত্র। এঁদের মধ্যে ফয়সালের বাঁ হাতের তিনটি আঙুল থেঁতলে গেছে।
ফয়সাল আহমেদ প্রথম আলোকে বলেন, নিয়মিত ‘গেস্টরুম’ না করার (সংগঠনের কর্মকাণ্ডে অংশ না নেওয়া) কারণে ও হলের ‘বড় ভাইদের’ না জানিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঙ্গে দেখা করতে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করা হয়। তিনি বলেন, রাত দুইটার দিকে তাঁর কক্ষের সহবাসিন্দারা তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন। হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অথুন খান, সিরাজুল ইসলাম ও রবিউল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন তাঁকে এলোপাতাড়ি রড-স্ট্যাম্প দিয়ে পেটান ও কিল-ঘুষি দেন।
আঘাতে ফয়সালের বাঁ হাতের তিনটি আঙুল থেঁতলে গেছে। মাংস উঠে গেছে। তিনি বুকে ও পিঠে আঘাত পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে তিনি ভর্তি আছেন। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, যাঁদের নামে অভিযোগ করা হয়েছে, তাঁদের কেউই ঘটনার সময় ছিলেন না। গণরুমে সিট নিয়ে বাসিন্দাদের নিজেদের মধ্যেই সমস্যা ছিল। প্রথম বর্ষের ছাত্ররা নিজেরা কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে জ্যেষ্ঠরা গিয়ে বিষয়টি মীমাংসা করেন।
অভিযুক্তদের বক্তব্য, শাহরিয়ার ও শুভ নামের দুই ছাত্রলীগ কর্মী এই ঘটনার মূল হোতা। তাঁরা নিজেদের গ্রুপের মধ্যে বিভাজন তৈরি করতে ফয়সালসহ কয়েকজনকে নিয়ে মধুর ক্যানটিনে যেতেন। ফয়সাল তাঁর সহপাঠীদের সঙ্গে খারাপ আচরণ করতেন। সোমবার রাতেও এসব বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এটি সংঘর্ষে গড়ায়।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘আমি ঘটনা শুনেছি। সবাইকে ডেকে ঘটনা শুনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’