নিজ সংগঠনের কর্মীকে মারধর করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল (সম্প্রসারিত ভবন) শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছেন শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের কর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ছাত্রলীগ কর্মী হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র ইমরান খান। তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে আল-বেরুনী হল (সম্প্রসারিত ভবন) শাখা ছাত্রলীগের কর্মী পরিসংখ্যান বিভাগের ৪২তম ব্যাচের রাজু মাহমুদ ফজিলাতুন্নেসা হলসংলগ্ন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। একই পথে হাঁটছিলেন শহীদ রফিক-জব্বার হলের ৪৪তম ব্যাচের ছাত্রলীগের পাঁচ-ছয়জন কর্মী। এ সময় রাজু তাঁদের যাওয়ার জন্য জায়গা করে দিতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার কিছুক্ষণ পর শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগ কর্মীরা আল-বেরুনী হলের সামনে দিয়ে যাওয়ার সময় হলের ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁদের চড়-থাপ্পড় দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনার মীমাংসা করেন।

কিন্তু গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আল-বেরুনী হলের ছাত্রলীগের কর্মী ইমরান খানকে মারধর করেন শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগের কর্মী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্র আহনাফ আহমেদ, রাকিবুর রহমানসহ চার-পাঁচজন।

যোগাযোগের চেষ্টা করলে আহনাফ ফোন ধরেননি। রাকিবুরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ইমরানের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। হাসপাতালে তাঁর সঙ্গে থাকা শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা গতকাল সন্ধ্যায় বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। পেলে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।’