অবৈধভাবে আনা দেড় শতাধিক গাড়ি খুঁজছে গোয়েন্দারা
‘কার নেট দ্য পেসেজ’ সুবিধার আওতায় (শুল্কমুক্ত পর্যটক গাড়ি) আনা দেড় শতাধিক গাড়ি খুঁজছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিভিন্ন রকম জাল দলিলের মাধ্যমে গাড়িগুলো ভুয়া রেজিস্ট্রেশন করে ব্যবহার করা হচ্ছে।
আজ মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। গতকাল সোমবার রাজধানীর গুলশান থেকে অবৈধভাবে আনা একটি বিএমডব্লিউ গাড়ি জব্দের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছিল। এটি ছাড়া আরও ছয়টি গাড়ি এরই মধ্যে জব্দ করা হয়েছে বলে জানান তিনি। অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে তিন শতাধিক গাড়ি কার নেট সুবিধার আওতায় দেশে এসেছিল। এর মধ্যে দেড় শতাধিক গাড়ি যথাযথভাবে ফেরত যায়নি। এই গাড়িগুলো বিভিন্ন রকমের জাল দলিলের মাধ্যমে ভুয়া রেজিস্ট্রেশন করে ব্যবহার করা হচ্ছে।
মইনুল খান বলেন, ওই গাড়িগুলো যাদের মালিকানায় রয়েছে, তারা শুল্ক গোয়েন্দার কাছে নিজ উদ্যোগে জমা দিলে তাদের শুধু শুল্ক ফাঁকির বিষয়টিতে শাস্তি দেওয়া হবে। তা না হলে এ-সংক্রান্ত ফৌজদারি আইনের আওতায়ও তাদের শাস্তি পেতে হবে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অবৈধভাবে আনা হয়েছে এমন অভিযোগে সোমবার রাত আটটায় গুলশানের কাজী রেজাউল মোস্তফার বাড়ি থেকে বিএমডব্লিউ এক্স-৫ মডেলের একটি গাড়ি আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কার নেট সুবিধার আওতায় গাড়িটি শুল্কমুক্তভাবে আনা হয়েছিল। ভুয়া কাগজপত্র দাখিল করে বিআরটিএ থেকে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়। শুল্ককরসহ গাড়িটির মূল্য প্রায় তিন কোটি টাকা।
মইনুল খান বলেন, গাড়িটিতে যে নম্বর প্লেট লাগানো, সেটি অন্য একটি গাড়ির নামে (হোন্ডা সিআরভি) নেওয়া হয়েছিল। গাড়িটির রেজিস্ট্রেশন প্রতিবছর কীভাবে বিআরটিএ থেকে নবায়ন করা হলো, সেটি খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে কাজী রেজাউল মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর ছেলে মোস্তফা আদনানের সঙ্গে কথা বলতে বলেন। মোস্তফা আদনান প্রথম আলোকে বলেন, একজন দালালের মাধ্যমে সিলেটের শেখ রুকু মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে তাঁরা গাড়িটি কিনেছিলেন। লন্ডনপ্রবাসী রুকু মিয়া বলেছিলেন, বিআরটিএ থেকে তিনি যথানিয়মে গাড়িটি রেজিস্ট্রেশন করিয়ে দেবেন। কিন্তু গাড়ি বিক্রি করেই তিনি লাপাত্তা হয়ে যান। এরপর থেকে গাড়িটি তাঁদের গ্যারেজেই পড়ে আছে।