চট্টগ্রামে ইয়াবা বড়িসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় ১০ হাজার ইয়াবা বড়ি বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাকলিয়া থানার পুলিশ। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তির নাম বশির আহমেদ (২৮)। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে শাহ আমানত সেতু এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই মাইক্রোবাসের দরজার ভেতর থেকে প্রায় ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা বড়ি বহনের অভিযোগে গাড়ির চালক বশিরকে আটক করা হয়।
ওসি মোহসিনের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির স্বীকার করেছেন ইয়াবাগুলো টেকনাফ থেকে বিক্রির উদ্দেশে তিনি নিয়ে এসেছেন। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।