নিজেকে নির্দোষ দাবি করলেন আ.লীগ নেতা আবু আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদে বাড়ি গুঁড়িয়ে দিয়ে একজনকে হত্যার ঘটনায় কোনোভাবে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবি করেন আবু আহমেদ।
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, তাঁর বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, এর মধ্যে ৪২টি হয়েছে ২০০১ সালের নির্বাচনের পর। তাঁর অভিযোগ, কর্নেল (অব.) অলি আহমদের দোসররা তাঁকে একাধিকবার হত্যার চেষ্টা করে। তারাই তাঁকে এসব মামলায় জড়িয়েছে। সাম্প্রতিক এলাহাবাদের নৃশংস ঘটনার সঙ্গেও তাঁকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশকারী কিছু লোকও একই সুরে কথা বলছেন বলে আবু আহমেদ দাবি করেন।
প্রসঙ্গত, ৪ অক্টোবর দিবাগত রাতে কাঞ্চননগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকার একটি বাড়ি দুর্বৃত্তরা গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ওই বাড়ির এক সদস্য পরে মারা যান। এই হামলা ও হত্যার ঘটনার সঙ্গে আবু আহমেদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এরই পরিপ্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগের একাংশ গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম সাইফুদ্দীন খালেদ।
লিখিত বক্তব্যে বলা হয়, ৪ অক্টোবর রাতের ওই ঘটনার পর এলডিপির সভাপতি অলি আহমদ ও আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশকারী চিহ্নিত মহল আবু আহমদকে অভিযুক্ত হিসেবে জড়ানোর চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান ফারুক, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ও সাখাওয়াত হোসেন, সদস্য ফরিদুল আলম প্রমুখ।