নিজেকে বাঁচাতে অন্যদের দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে তিন কর্মীর ওপর দোষ চাপানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল শনিবার ওই তিন কর্মী উপাচার্য, হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের কর্মী বিকাশ কুমার মহন্ত, মো. আশরাফুল ইসলাম ও অর্ণপ দত্ত পয়লা বৈশাখের পরদিন বুধবার রাত নয়টার দিকে ক্যাম্পাসের টারজান পয়েন্টে চা খাচ্ছিলেন। একই সময় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা নিশাত ইমতিয়াজ ওরফে বিজয়সহ আরও কয়েকজন নিপীড়নের ঘটনার সমঝোতা করতে একটি ছাত্রী হলের দিকে যাচ্ছিলেন। এ সময় টারজান পয়েন্ট থেকে ওই তিন কর্মীকে ডেকে নিয়ে যান নিশাত। হলের সামনে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলে সমঝোতা করতে চান তিনি। একপর্যায়ে বহিষ্কৃত ছাত্রলীগের কর্মী আবদুর রহিম ইফতি ও নুরুল কবিরকে ঘটনার জন্য ছাত্রীদের কাছে ক্ষমা চাইতে বলেন তিনি। তাঁরা দুজন ক্ষমা চান। এরপর অর্ণপ দত্তকে পেছন থেকে গলা ধাক্কা দিয়ে ছাত্রীদের সামনে নিয়ে আসেন নিশাত। পাশে থাকা আশরাফুলকেও তিনি ছাত্রীদের কাছে ক্ষমা চাইতে বলেন। কেন ক্ষমা চাইব—জানতে চাইলে আশরাফুলকে সেখানেই মারধর করেন নিশাত। একই প্রশ্ন করলে অর্ণপ ও বিকাশকেও মারধর করেন তিনি।
অর্ণপ দত্ত বলেন, ‘কী হয়েছে আমি তার কিছুই জানতাম না। নিশাত ভাই আমাদের টারজান পয়েন্ট থেকে নিয়ে গিয়ে ক্ষমা চাইতে বলেন। তখন ছাত্রীরা আমাদের ছবি তোলা শুরু করলে বুঝতে পারি কোথাও ঝামেলা আছে।’
তিন কর্মী জানান, ছাত্রলীগ নেতা নিশাত ইমতিয়াজ ও নাফিজ ইমতিয়াজ এবং কর্মী রাকীব হাসান, নুরুল কবির ও আবদুর রহিম ইফতি—এ পাঁচজন পয়লা বৈশাখে ছাত্রীকে যৌন নিপীড়ন করেছেন। কিন্তু বুধবার রাতে সমঝোতা চেষ্টার সময় নাফিজ ও রাকীব হলের সামনে ছিলেন না। তাই নিশাত নিজেকে বাঁচাতে এবং নাফিজ ও রাকীবের জায়গায় তাঁদের তিনজনকে হলের সামনে উপস্থিত করেন। তাঁরা আরও জানান, নিপীড়নের ঘটনা ঘটিয়েছে পাঁচজন। কিন্তু সমঝোতা চেষ্টার সময় তাঁদের তিনজনকেও নিয়ে যাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ থেকে পাঁচজনকে সাময়িক বহিষ্কার করা হলেও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে আটজনকে।
এ বিষয়ে নিশাত ইমতিয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ বলেন, ছাত্রলীগের প্রাথমিক অনুসন্ধানে এই তিন কর্মীর জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়নি।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টি যৌন নিপীড়নবিরোধী সেলে আছে, তাই আগামীকাল (আজ) এসব কাগজপত্র সেখানে হস্তান্তর করা হবে।’