নিজেদের কর্মীদের ছুরিকাঘাতে খুন ছাত্রলীগ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল আলী তালুকদার
আবদুল আলী তালুকদার

সিলেটের মদন মোহন কলেজ ক্যাম্পাসে নিজ সংগঠনের কর্মীদের ছুরিকাঘাতে খুন হলেন ছাত্রলীগের কর্মী। গতকাল বুধবার আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ঘটা এ হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন খুনি হিসেবে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম আবদুল আলী তালুকদার (১৯)। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম গ্রামে। গ্রেপ্তার কর্মীরা হলেন পুরজিৎ দাস ওরফে জয় (১৯) ও রাহুল কান্তি দে (২৪)। পুরজিৎ একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। রাহুল বহিরাগত।
প্রত্যক্ষদর্শী, ক্যাম্পাসের বিভিন্ন সূত্র ও পুলিশ জানায়, বর্তমানে কলেজটিতে ছাত্রলীগের কমিটি নেই। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী কিছু সংগঠন ও ছাত্রলীগের সাবেক নেতাদের ছত্রচ্ছায়ায় একাধিক গ্রুপ সক্রিয় আছে। গত মঙ্গলবার ক্যাম্পাসে অবস্থান করা নিয়ে ছাত্রলীগের কর্মী আলীর সঙ্গে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক সদস্য আবদুল জলিল ওরফে পারভেজের পক্ষের কর্মীদের বচসা হয়। গতকাল দুপুরে তাঁদের মধ্যে আরেক দফা বচসা হয়। পরে সাড়ে ১২টার দিকে পারভেজ পক্ষের ছাত্রলীগের কর্মী পুরজিৎ দাসের নেতৃত্বে তিন কর্মী আলীকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে আলী একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় গেলে সেখানে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালান তাঁরা। রক্তাক্ত অবস্থায় আলীকে সহপাঠীরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বেলা দুইটা ৪০ মিনিটে তিনি মারা যান।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকেরা জানান, বুকে ছুরিকাঘাতে আলীর হৃদ্যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাঁকে তাৎক্ষণিকভাবে ১০ ব্যাগ রক্ত দিয়ে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়েছিল। কিন্তু অস্ত্রোপচার শুরুর আগেই তিনি মারা যান।
খবর পেয়ে গ্রাম থেকে আলীর বাবাসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। মর্গে ছেলের লাশ দেখে বিলাপ করতে থাকেন তাঁরা। তিন ভাই-বোনের মধ্যে আলী ছিলেন বড়। হাউমাউ করে কাঁদতে কাঁদতে আলীর বাবা বলেন, ‘পড়াশোনা করি ছেলে ভালা চাকরি করব—এই আশায় আছলাম। ছেলের লাশ নিমু, ভাবছি না কোনো দিন। আমার ছেলেরে যারা লাশ বানাইল, তারার ফাঁসি চাই।’
সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, হত্যাকাণ্ডে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দুজনকে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পুরজিতের বাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে। ঘটনার পরপরই সুরমা এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আর রাহুলের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে। ঘটনার পর বাড়ি যাওয়ার পথে নগরের লামাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ জানান, ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই ছাত্রকে কারা ছুরিকাঘাত করেছে তা পুলিশকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি। এ নিয়ে তিনি অন্য কোনো মন্তব্য করতে রাজি হননি।
আলী ছাত্রলীগের কলেজ শাখার কর্মী ছিলেন বলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী হোসেন নিশ্চিত করেছেন। তবে হত্যাকাণ্ড নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এ ব্যাপারে ছাত্রলীগের স্থানীয় অন্য নেতারাও কথা বলতে রাজি হননি।
পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন মুঠোফোনে বলেন, ‘প্রায় পাঁচ বছর ধরে মদন মোহন কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। মেয়াদোত্তীর্ণ একটি কমিটি ছিল, সেটি ভেঙে দেওয়া হয়েছে। এ অবস্থায় ছাত্রলীগের একাধিক গ্রুপ থাকলেও সেখানে কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না। এ হত্যাকাণ্ডের দায় আমাদের নয়। যে বা যারা ঘটনাটি ঘটিয়েছে, সেটি দুর্বৃত্তপনা।’