নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজী হাট পুলিশ ফাঁড়িতে ইফতারির বাজার করা নিয়ে দুই পুলিশ কনস্টেবলের মধ্যে মারামারির পর একজন নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল আবু হেলাল (৫৭) ওই ফাঁড়িতেই কর্মরত ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়। অভিযুক্ত কনস্টেবল নাইমুল ইসলামও সেখানে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাইগা ইউনিয়নের মাতাজী হাট পুলিশ ফাঁড়িতে কর্মরত এই দুই পুলিশ সদস্যের মধ্যে গত সোমবার সন্ধ্যায় ইফতারির বাজার করা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি বাধে। আবু হেলাল প্রথমে নাইমুলকে চেয়ার তুলে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে নাইমুল মাটি থেকে উঠে হেলালকে সজোরে ধাক্কা দেন। এতে পেছনের দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান হেলাল। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, হেলালকে খুনের অভিযোগে পুলিশ সদস্য নাইমুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।