নিজের অস্ত্রের গুলিতে কনস্টেবলের মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতে সোলায়মান হোসেন (৩০) নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
সোলায়মান যশোর কতোয়ালি থানাধীন দাইতলা গ্রামের মোদাচ্ছের হোসেন মোল্লার ছেলে। পুলিশ কর্মকর্তারা বলছেন, ঘটনাটি অসাবধানতাবশত হতে পারে, আবার আত্মহত্যাও হতে পারে।
প্রত্যক্ষদর্শী সোলায়মানের সহকর্মীরা জানান, থানায় কর্তব্যরত অবস্থায় বেলা পৌনে দুইটার দিকে হঠাৎ করে সোলায়ামান গুলিবিদ্ধ হন। তাঁর কাছে থাকা অস্ত্র থেকে বের হওয়া গুলিটি তাঁর বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা আরও জানান, সোলায়মান ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি কোটচাঁদপুর থানায় যোগদান করেন। মাঝেমধ্যেই মুঠোফোনে কথা বলার পর তিনি চিন্তামগ্ন হয়ে যেতেন। অনেক সময় কান্নাকাটিও করতেন। গুলির ঘটনাটি ইচ্ছাকৃত, নাকি অসাবধানতাবশত, সে ব্যাপারে তাঁরা কোনো ধারণা করতে পারছেন না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবির জানান, সোলায়মান হোসেন দায়িত্বরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে বিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।