নিজের কর্মীদের আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির জঙ্গিরাই চট্টগ্রামে নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির সুরক্ষিত এলাকার দুটি মসজিদে আত্মঘাতী বোমা (গ্রেনেড) হামলা চালায়। এ কাজে সহায়তা করেন জেএমবির মতাদর্শে বিশ্বাসী নৌবাহিনীর সদস্য এম সাখাওয়াত হোসেন (সদস্যসংখ্যা ২০০৪০৩১০)। যখন বোমা হামলার ঘটনা ঘটে, তখন সাখাওয়াত প্রেষণে র‍্যাবে দায়িত্ব পালন করছিলেন। জেএমবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক রাইসুল ইসলাম খান ওরফে ফারদিন ওরফে নাফিসের (বোমা বিস্ফোরণে নিহত) নেতৃত্বে এ হামলা চালানো হয়।

বোমা হামলার নয় মাস পর নৌবাহিনীর পক্ষ থেকে করা মামলার এজাহারে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ বাদী হয়ে ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় বোমা হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন।

গত বছরের ১৮ ডিসেম্বর নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির ভেতরে দুটি মসজিদে জুমার নামাজের সময় ১০ মিনিটের ব্যবধানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি হামলায় সামরিক-বেসামরিক লোকসহ ২৪ জন আহত হন।

এজাহারে বলা হয়, ঘটনার ধরন, ব্যাপকতা ও ঘটনার সঙ্গে নৌবাহিনীতে কর্মরত সামরিক, বেসামরিক ব্যক্তি জড়িত ছিলেন বিধায় ব্যাপকভাবে বিভাগীয় তদন্ত করা হয়। আসামিদের নজরদারিতে রেখে নৌবাহিনীর বিধিমোতাবেক ব্যাপক অনুসন্ধানের পর তাঁদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় নিয়মিত মামলা করতে দেরি হয়।

মামলার বাদী নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই গ্রেপ্তার দুই আসামিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার পর তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলায় নৌবাহিনীর সদস্য এম সাখাওয়াত হোসেন, ঈসা খাঁ ঘাঁটির বলকিপার আবদুল মান্নান, রমজান আলী ও বাবলু রহমান ওরফে রনিকে আসামি করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও অনেককে। তাঁদের মধ্যে আবদুল মান্নান ও রমজান আলী এই মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাকি দুজন পলাতক। মামলাটি তদন্ত করছে ইপিজেড থানার পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, ঘাঁটির ভেতরের পতেঙ্গা মসজিদে আবদুল মান্নান বেলা ১টা ৩৫ মিনিটে মুসল্লিদের ওপর পরপর দুটি বোমা (গ্রেনেড) নিক্ষেপ করেন। তাঁর বাঁ হাতের কবজিতে একটা ইলেকট্রিক সুইচ দেখতে পেয়ে সেখানে থাকা মুসল্লিরা তাঁর গায়ের জ্যাকেট খুলে ফেলে। তাঁর বুকে বোমাসহ বান্ডুলিয়ার (সুইসাইডাল ভেল্ট) পাওয়া যায়। আবদুল মান্নান তখনো সুইচের সাহায্যে বান্ডুলিয়ারে রাখা বোমা বিস্ফোরণের চেষ্টা চালান। উপস্থিত নৌ কর্মকর্তা ও নৌ সদস্যদের কৌশলী ভূমিকার কারণে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাননি তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল মান্নান বলেন, তাঁর সহযোগীর নাম ‘রমজান’।

ওই দিন বেলা ১টা ৪৫ মিনিটে ঈসা খাঁ ঘাঁটির আরেকটি মসজিদেও (প্যারেড গ্রাউন্ডের পাশে) বোমা হামলার ঘটনা ঘটে। ওই মসজিদে জুমার নামাজ শুরু হলে আসামি রমজান আলী দ্বিতীয় সেজদার সময় সামনের দিকে জামাতের প্রায় মাঝবরাবর দুটি বোমা (গ্রেনেড) নিক্ষেপ করেন। হামলার পর তিনি মুসল্লিদের সঙ্গে মিশে যান। পরে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বোমা হামলার কথা স্বীকার করেন।

এজাহারে বলা হয়, নৌবাহিনীর সদস্য এম সাখাওয়াত হোসেন হামলার বিষয়ে জেএমবি নেতা ফারদিনকে সাহায্য করেন। হামলার আগে তাঁরা নিজেদের মধ্যে টেক্সট আপলোডার এবং ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতেন। ২০১৫ সালের মাঝামাঝি সময়ে ফারদিনের নির্দেশে দুই হামলাকারী বোমা হামলার স্থান হিসেবে মসজিদ নির্বাচন করেন।

এই হামলার ১০ দিন পর গত বছরের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানাবাজারে ফারদিনের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলিসহ ১২টি সেনাবাহিনীর পোশাক এবং এক জোড়া র‍্যাংক ব্যাজ উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। ফারদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। গত বছরের ৬ অক্টোবর নগরের কর্ণফুলী থানার খোয়াজনগরে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে গিয়ে পুলিশ ফারদিনের সন্ধান পায়। তবে তাঁকে আটক করা যায়নি। ফারদিন গত ৩ এপ্রিল বগুড়ার শেরপুরে গ্রেনেড তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহত হন।

এজাহারে বলা হয়েছে, আবদুল মান্নান, রমজান আলী ও বাবলু রহমান পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা গোপন করে ২০১২-১৩ সালে অস্থায়ী বেসামরিক কর্মচারী (ক্যানটিনবয়, ব্যাটম্যান, বলকিপার) হিসেবে নৌবাহিনীর অভ্যন্তরে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটিতে অনুপ্রবেশ করেন। জেএমবির কেন্দ্রীয় পরিকল্পনায় সংগঠনের চট্টগ্রামপ্রধান রাইসুল ইসলাম ওরফে ফারদিন এ কাজে সহায়তা করেন। শহীদ মোয়াজ্জেম ঘাঁটিতে বাবলু রহমানের অস্থায়ী পরিচয়পত্র প্রদানের জন্য চেয়ারম্যান সনদ চাওয়া হলে তিনি সেই ঘাঁটি ত্যাগ করেন। পরবর্তী সময়ে সাখাওয়াত হোসেনের সহায়তায় আবদুল মান্নান ও রমজান আলীকে ঈসা খাঁ ঘাঁটিতে বলকিপার ও ব্যাটম্যানের কাজ পাইয়ে দেন। ওই ঘাঁটিতে অবস্থানকালীন সময়ে তাঁরা ফারদিনের সঙ্গে দেখা করত।

এজাহারে বলা হয়, ২০১৫ সালের মাঝামাঝি সময়ে ফারদিন ঈসা খাঁ ঘাঁটিতে বোমা হামলার পরিকল্পনার কথা আবদুল মান্নান ও রমজান আলীকে জানান। হামলার জন্য নৌবাহিনীর সদস্যদের সর্বাধিক সমাগমের স্থান নির্বাচন করতে বলেন। তাঁরা যাচাই-বাছাই করে বোমা হামলার স্থান হিসেবে মসজিদ নির্বাচন করে। ঘটনার আগের দিন ১৭ ডিসেম্বর ফারদিন পাইপবোমা এবং গ্রেনেড মান্নান ও রমজানকে দেন। তাঁরা এই বোমা ঈসা খাঁ ঘাঁটিতে নিজেদের কক্ষে রাখেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গতকাল বিকেলে প্রথম আলোকেবলেন, দুই আসামিকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা হামলার কথা স্বীকার করেছেন। হামলায় জড়িত অন্যদের নাম তাঁরা বললেও ঠিকানা বলেননি। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে কয়েক দিনের মধ্যে আবারও আদালতে রিমান্ডের আবেদন করা হবে।