নিজের বাল্যবিবাহ ঠেকাল কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দেওয়া কিশোরী সোনিয়া আক্তার। ছবি: প্রথম আলো
নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দেওয়া কিশোরী সোনিয়া আক্তার। ছবি: প্রথম আলো

সোনিয়া আক্তার (১৩) মাদ্রাসার অ্যাসেম্বলির ক্যাপ্টেন। প্রতিদিন কয়েক শ শিক্ষার্থীকে অ্যাসেম্বলিতে শপথ পড়ায় সে। সেই শপথে রয়েছে বাল্যবিবাহকে ‘না’ বলার কথাও। আজ শনিবার সেই তাকেই শপথ রক্ষার লড়াই করতে হয়েছে। নিজের বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে শপথ রেখেছে সে।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে। সোনিয়া আক্তারের বাড়ি উপজেলার বৈলর বাশখুড়ি গ্রামে। সে উপজেলার উজানপাড়া এতিমখানা আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
সোনিয়া জানায়, তিন ভাইবোনের মধ্যে সে বড়। সংসারের অভাব-অনটনের কারণে তার বাবা গতকাল শুক্রবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করেন। কিন্তু বিয়েতে রাজি হয়নি সে। পরিবারকে বোঝাতে ব্যর্থ হয়ে শুক্রবার রাতে মাদ্রাসার শিক্ষক আবুল মুনসুরকে ফোন করে বিষয়টি জানায় সোনিয়া। আজ সকালে আবুল মুনসুর এসে সোনিয়াকে মাদ্রাসায় নিয়ে যান। মাদ্রাসার অধ্যক্ষ ওসমান গনি ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপনকে বিষয়টি জানালে ইউএনও মাদ্রাসা থেকে সোনিয়াকে তাঁর নিজের কার্যালয়ে নিয়ে যান।

দুপুরে সোনিয়ার বাবা আনিসুর রহমানকে ডেকে এনে মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষক ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়ের বাল্যবিবাহ ভেঙে দিতে বাধ্য করেন। পরে সোনিয়াকে দুটি নতুন জমা কিনে দেন ইউএনও। ভবিষ্যতে বই-খাতা ও পোশাক কিনে দেওয়ারও আশ্বাস দেন তিনি। আর মাদ্রাসার শিক্ষকেরা বিনা বেতনে পড়ানোর জন্য আশ্বস্ত করেন সোনিয়ার বাবাকে।

সোনিয়া বলে, ‘আমি পড়াশোনা করে আগে নিজের মতো বড় হতে চাই।’

সোনিয়ার বাবা আনিসুর রহমান বলেন, ‘দিনমজুরিতে কাঠমিস্ত্রির কাজ করি। অভাব লেগেই আছে। তা ছাড়া সারা দিন বাড়িতে থাকি না। তাই ভয়ে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম। এখন সবাই যদি পাশে থাকে, তাহলে আর বাল্যবিবাহ দিতে চাই না।’

ইউএনও বলেন, ‘আমরা এই উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার জন্য কার্যক্রম হাতে নিয়েছি। এ অবস্থায় সোনিয়ার ঘটনাটি দুঃখজনক। কিন্তু শেষ পর্যন্ত তার বাল্যবিবাহ বন্ধ করা গেছে। এ বিষয়টি ইতিবাচক।’