নিজের বিয়ে ঠেকাল কিশোরীটি
বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়ছে কিশোরীটি। এসএসসি পরীক্ষা পাসের সনদ অনুযায়ী তার বয়স এখন ১৬ বছর দুই মাস। ১৮ বছর পূর্ণ হতে বাকি এখনো ১ বছর ১০ মাস। কিশোরীর ইচ্ছে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবে। অথচ তাকে এই বয়সেই বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন বাবা-মা। মেয়ের মতামত উপেক্ষা করে বিয়ের সম্বন্ধ পাকা করেছিলেন তাঁরা। ১০ জুলাই শুভলগ্নে তার বিয়ের কথা।
কিন্তু এ বয়সে কিছুতেই বিয়ে করতে চাইছে না কিশোরীটি। বিয়েটা না দিতে বাবা-মাকে আকুতি-মিনতি করেও লাভ হয়নি। তাই অগত্যা নিজের বাল্যবিবাহ ঠেকাতে আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সে বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির হয়। ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দিতে চাওয়ার কথা খুলে বলে। বাল্যবিবাহ থেকে বাঁচার আকুতি জানিয়ে সে কান্নায় ভেঙে পড়ে। বিয়ে ঠেকাতে ইউএনওর কাছে আইনি সহায়তা চায়। নিজের বাল্যবিবাহ ঠেকানোর এমন সাহস দেখে অভিভূত হন ইউএনও মো. কামরুজ্জামান। তিনি মেয়েটিকে অভয় দেন।
ইউএনও মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নিজের বাল্যবিবাহ ঠেকাতে ওই কলেজছাত্রী বিকেলে আমার কার্যালয়ে এসে কান্নায় ভেঙে পড়ে। একপর্যায়ে মা-বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। এমন সাহস দেখে আমি বিস্মিত। এরপর পুলিশ ডেকে মেয়েটিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যাই। মা-বাবাকে আটক করা হলেও প্রথমে বাল্যবিবাহ বন্ধে রাজি ছিলেন না। তবে জেল-জরিমানার দণ্ড এবং বাল্যবিবাহের পরিণামের কথা স্মরণ করিয়ে দিলে তাঁরা শেষ পর্যন্ত মেয়েকে বিয়ের সম্বন্ধ ভেঙে দিতে রাজি হন। এ সময় তাঁরা শাজাহানপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাসহ সবার সামনে মেয়েকে বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দেন।’
ওই কিশোরীর বাবা সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘কলেজপড়ুয়া মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বাল্যবিবাহের সম্বন্ধ ঠিক করা উচিত হয়নি। ভুল বুঝতে পেরে বিয়ের সম্বন্ধ ভেঙে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অঙ্গীকার করেছি।’
বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া কিশোরীটি মুঠোফোনে প্রথম আলোকে বলে, ‘পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াব—সব সময় এই স্বপ্ন দেখি। কিন্তু বাবা-মা না বুঝেই আমাকে বাল্যবিবাহ দিতে চেয়েছিলেন। ইউএনও স্যারের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়ে নতুন জীবন পেয়েছি।’