নিজের মেয়েকে অপহরণ করে মুক্তিপণ আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের মেয়েকে দিয়ে অপহরণের নাটক সাজিয়ে ফেঁসে গেছেন এক বাবা। পুলিশ ওই প্রতারক বাবাকে আটক করেছে। আটক প্রতারকের নাম মামুনুর রশিদ। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের সেউজবাড়ী গ্রামের আজিজার রহমানের ছেলে।
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, মামুনুর রশিদ তাঁর বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য নিজের মেয়েকে অপহরণের নাটক সাজিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য রাজশাহী আদালতে নেওয়া হয়। কিন্তু তিনি নিজেই ওই অভিযোগের বাদী হওয়ায় বিচারক তাঁর জবানবন্দি গ্রহণ করেননি বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন। সন্ধ্যায় তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, ৪ জুন মামুনুর রশিদ তাঁর সাত বছরের মেয়ে মনিরা খাতুনকে অপহরণ করে এক বন্ধুর বাড়িতে আটকে রাখেন। এরপর মুঠোফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে এবং ওই টাকা না দেওয়া হলে মেয়েকে জীবিত পাওয়া যাবে না বলে তিনি পরিবারের সদস্যদের জানান।
পরে মামুনুর রশিদ তাঁর বাবার কাছ থেকে মুক্তিপণের দেড় লাখ টাকা নিয়ে উদ্ধারের জন্য অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। পরের দিন ৫ জুন রাতে মেয়েকে উদ্ধার করে আনেন তিনি। মেয়েকে উদ্ধারের পরের দিন তিনি থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। সেখানে ওই মুঠোফোন নম্বরও দেওয়া হয়। এসআই আসাদুজ্জামানকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
এরপর পুলিশ ওই মুঠোফোনের কলের তালিকা ধরে অপরাধীকে শনাক্ত করে। অভিযোগে উল্লেখ করা মুঠোফোনের ওই নম্বরের সঙ্গে মেয়ের বাবার যোগাযোগের এবং তাঁর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে গত বুধবার রাতে পুলিশ নিজ বাড়ি থেকে মামুনুর রশিদকে আটক করে।
এ ব্যাপারে মামুনুর রশিদের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, ‘ও কেনো এমন কাজ করল আমরা বুঝতে পারছি না। তবে আমাদেরও এরকম সন্দেহ হয়েছিল।’