
পাবনার সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডেকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ হত্যাকাণ্ডের এক দিন পর গতকাল শনিবার আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে জঙ্গি সংগঠনগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’ এ তথ্য দিয়েছে।
গত এক সপ্তাহে নিত্যরঞ্জনসহ চারটি হত্যার ঘটনা ঘটে। এর মধ্যে গত রোববার চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খানম হত্যা ছাড়া নাটোরের খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজ এবং ঝিনাইদহে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার দায়ও স্বীকার করে আইএস। অবশ্য বাংলাদেশের পুলিশ এসব হত্যায় আইএসের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে আসছে। পুলিশ এসব হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি।
শুক্রবার ভোরে পাবনার হিমাইতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের বাইরে প্রাতর্ভ্রমণের সময় নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিন রাতে আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাবনা সদর থানায় হত্যা মামলা করেন। তবে গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা এ ঘটনার কোনো ‘ক্লু’ খুঁজে পায়নি পুলিশ।
পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গোষ্ঠী দেশকে অস্থিতিশীল এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এমন হত্যাকাণ্ড ঘটাচ্ছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করছি।’ তিনি বলেন, তদন্ত জোরদার এবং মামলার তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পাঁচ সদস্যর একটি তদন্ত দল গঠন করা হয়েছে।
নিজ গ্রামে সমাহিত নিত্যরঞ্জন: গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সে করে নিত্যরঞ্জন পান্ডের মরদেহ পাবনা থেকে গোপালগঞ্জে তাঁর গ্রাম আড়ুয়া কংশুরে নিয়ে আসা হয়। গতকাল সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে বাড়ির উঠানে সমাহিত করা হয়।
এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজাসহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।
নিত্যরঞ্জন পান্ডের ছেলে নন্দ দুলাল পান্ডে বলেন, ‘বাবাকে আশ্রম থেকে মাসে দুই হাজার টাকা দিত। সে টাকা দিয়েই অত্যন্ত কষ্টে চলতে হতো। মা ও ছোট বোনের ব্যয়ভার বাবাই চালাতেন।’
প্রতিবাদ অব্যাহত: নিত্যরঞ্জন হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে গতকাল বিকেলে মানববন্ধন করে। মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখা, জেলা পূজা উদ্যাপন পরিষদ, পাবনা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্র-যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।
অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ বলেন, ঘটনার পর থেকে আশ্রমের প্রতিটি বাসিন্দা ভীত হয়ে পড়েছে। যতক্ষণ পর্যন্ত হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত এ ভয় দূর হবে না।