নিধন হচ্ছে শতবর্ষী গর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে চকরিয়া উপজেলায় সংরক্ষিত ‘ন্যাশনাল পার্ক’ বা মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের অবস্থান। উদ্যানের ৩৭ হেক্টরজুড়ে আছে প্রাকৃতিক গর্জন বন। যেখানে আছে ১০ হাজারের বেশি শতবর্ষী মা-গর্জনগাছ। দুর্বৃত্তরা এসব গর্জনগাছ কেটে পাচার করছে।
গত ১৫ মার্চ চকরিয়া উপজেলার ফুলছড়ি বন রেঞ্জের আওতাধীন জাতীয় উদ্যানের গর্জনতলী এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ৭০ ফুট উচ্চতার একটি শতবর্ষী গর্জনগাছের গোড়া থেকে রস ঝরছে। করাত দিয়ে গাছটির গোড়ার দুই পাশে কেটে দেওয়া হয়েছে। জোরে ধাক্কা লাগলে গাছটি হেলে পড়বে।
গাছটির ২০ গজ দূরত্বে আরেকটি গর্জনগাছের গোড়া দেখা গেল। কিছুদিন আগে গাছটি কেটে পাচার করা হয়েছে। অথচ এই স্থান থেকে ৭০ গজ দূরত্বে বন বিভাগের গর্জনতলী কার্যালয়।
বনকর্মীদের সঙ্গে এই গর্জন বন পাহারা দেন মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান বনরক্ষা ক্লাবের সদস্যরা। ক্লাবের সহসভাপতি ওসমান গণি বলেন, ‘কয়েক দিন আগে শতবর্ষী গর্জনগাছটির গোড়ায় দুর্বৃত্তরা করাত চালিয়েছে। তাই কাটা অংশ দিয়ে রস বেরিয়ে আসছে। যেকোনো মুহূর্তে গাছটি হেলে পড়তে পারে। পাশের একটি গাছ দুর্বৃত্তরা কেটে নিয়েছে। দিনের বেলায় আমরা বন পাহারা দিলেও রাতের বেলায় বিশাল বনাঞ্চল অরক্ষিত থাকে।’
বনরক্ষা ক্লাবের সভাপতি আবু তাহের জানান, আড়াই মাসে এই বন থেকে শতবর্ষী কমপক্ষে ৭০টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। প্রতিটি গাছের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
মেধাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া বলেন, জনবল সংকটের কারণে বিশাল বন রক্ষা করা সম্ভব হচ্ছে না। দুর্বৃত্তরা করাত দিয়ে কেটে মা-গর্জনগাছ পাচার করছে। দুর্বৃত্তদের হাতে অবৈধ অস্ত্র থাকায় রাতের বেলায় পাহারা দেওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ও বন্য প্রাণী অভয়ারণ্য সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি এস এম আবুল হোসেন জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত ৩৯৫.৯৩ হেক্টরের এই বনে ১০ হাজারের বেশি শতবর্ষী মা-গর্জনগাছ আছে। আগে দিনদুপুরে গাছ কেটে পাচার করা হলেও এখন অনেকাংশে কমে এসেছে। এই গাছ না কাটতে বনের ওপর নির্ভরশীল লোকজনকে সচেতন করা হচ্ছে।
ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, এখানকার ৮০ শতাংশ মানুষ বনের ওপর নির্ভরশীল। এ জন্য বড় বড় গর্জনগাছগুলো রক্ষা করা যাচ্ছে না। তাই জাতীয় উদ্যানের সীমানাপ্রাচীর নির্মাণ জরুরি।